লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত এক যুবকও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম।
নিহতরা হলেন- শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গণপিটুনিতে নিহত অভিযুক্তের নাম অন্তর মজুমদার। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে এবং রায়পুরে ভ্রাম্যমাণ ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হন। উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের পরিবারের মূল বাড়ি কুমিল্লা জেলায়। দীর্ঘ ১২ থেকে ১৪ বছর ধরে তারা রায়পুরে বসবাস করছিলেন। কয়েক বছর ধরে তিনি সন্তানদের নিয়ে আমির হোসেন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৯ সালে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই বাসাতেই বসবাস করে আসছিলেন।বৃহস্পতিবার সকালে শাহিনুর ও তার তিন মেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত অন্তরকে আটক করে গণপিটুনি দেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা শাহিনুর, তার মেয়ে সায়মা এবং শিফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ইকরাকে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। অন্যদিকে, গণপিটুনিতে গুরুতর আহত অন্তরকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও তিনি মারা যান।
শাহিনুরের একমাত্র ছেলে সিফাত হোসেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম মুরাদের প্রতিষ্ঠানে চাকরি করেন। সাইফুল ইসলাম মুরাদ জানান, ঘটনার সময় সিফাত কর্মস্থলে ছিলেন এবং পরিবারের ওপর হামলার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। ঘটনার খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
জেলা পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, অন্তর মজুমদার তার স্ত্রীকে নিয়ে প্রায় দেড় বছর আগে একই এলাকায় ভাড়া থাকতেন। প্রায় সাত থেকে আট মাস আগে তিনি সেখান থেকে চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিচয়ের সূত্রে তিনি বৃহস্পতিবার সকালে ওই বাসায় প্রবেশ করেন।
পুলিশ জানায়, রাণী নামে এক প্রতিবেশী অন্তরকে বাসাটিতে দেখে তার আসার কারণ জানতে চান। তখন অন্তর নিজেকে পানির পাইপ মেরামতের কাজে আসা ব্যক্তি হিসেবে পরিচয় দেন। সন্দেহ হওয়ায় ওই নারী কলাপসিবল গেট আটকে দিয়ে স্থানীয়দের খবর দেন। পুলিশ মনে করছে, তার এই পদক্ষেপের কারণেই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।News
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, হাসপাতালে মোট পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে মা ও দুই মেয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আরেক মেয়ে পরে মারা যায়। এছাড়া গণপিটুনিতে আহত অভিযুক্তকেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সেও প্রাণ হারায়। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হন।